টুঙ্গিপাড়া সরকারি কলেজের আগের নামে ব্যানার টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের দাবিতে ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের দাবিতে ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ওই ব্যানার টাঙানো হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় তারা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অন্তর্বর্তী সরকারের দেওয়া। কলেজের আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ আবার ব্যবহারের জন্য তারা অধ্যক্ষকে অনুরোধ করেন। পরে কলেজের বাইরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বললেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দেন। এ ছাড়া দাপ্তরিক কাজসহ যেসব জায়গায় ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেসব জায়গায় আগের নাম ব্যবহারের কথা বলেন তারা। তবে এ সময় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বললেন, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।



