দুই শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা, ভাঙল কৃষকের স্বপ্ন

কেটে দেওয়ার পর নিস্তেজ হয়ে যাচ্ছে লাউগাছ। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩০ শতক জমিতে লাগানো দুই শতাধিক লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ হাজার টাকা বিনিয়োগ করা কৃষক মমিনুল ইসলাম মনিরের দেড় লাখ টাকার লাউ বিক্রির স্বপ্ন ভেঙে গেছে। শুক্রবার রাতে সিলেট-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মনির জানালেন, ভাগ্যবদলের আশায় তিনি প্রায় ৩০ শতক জমিতে বিভিন্ন জাতের দুই শতাধিক লাউগাছের চারা রোপণ করেছিলেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছিল। গাছে প্রচুর লাউ ধরেছিল, যা কয়েক দিনের মধ্যেই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকলে এসব লাউ বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা পাওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ তার।
কৃষকের পরিবারের সদস্যদের দাবি, সাবেক ইউপি সদস্য ‘শিশু মেম্বার’-এর ছেলে শাহারিয়ার খন্দকার ঘটনার দুই দিন আগে তাদের হুমকি দেন। এরপরই লাউগাছ কেটে ফেলার ঘটনা ঘটে। এ কারণে এ ঘটনার সঙ্গে শাহারিয়ার জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে শাহারিয়ারের বক্তব্য জানা যায়নি।
বাগানটি রাতে দেখাশোনা করেন আল আমিন নামের এক শ্রমিক। তিনি সেখানে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।
কৃষক মনির বললেন, বাগান তৈরিতে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। গাছগুলো কেটে ফেলায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বললেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



