মোটরসাইকেলে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ২ দুর্বৃত্তের

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানালেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, সানারপাড় মহাসড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নসংলগ্ন সড়কের পাশে থ্রি স্টার পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনার সময় বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটির নিয়মিত চালক মামুন নামের এক ব্যক্তি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বললেন, ‘দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহার হতো বলে আমরা জানতে পেরেছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানালেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



