জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও অন্যান্য কর্মকর্তাকে অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠন করা এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যসচিব করা হয়েছে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে। অন্য তিন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব নাফিসা আরেফীন এবং মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল।
চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন। এদিন সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান নেন তারা।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বেলা তিনটার দিকে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে রাত ১০টার দিকে জরুরি সিন্ডিকেট সভা ডেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা জানিয়েছেন, তিন দিনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী রোববার থেকে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।



