টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

গ্রাফিকস: আগামীর সময়
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের আমির হামজা, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের রাজন মিয়া, রিফাত, আব্দুর রউফ ও পাথরাইল গ্রামের বিপ্লব মিয়া এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের আল আমিন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানালেন, ২০২৪ সালের ২৯ অক্টোবর ধর্ষণের শিকার ওই গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে যান। সেখানে তিনি ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাকে জোর করে একটি টেক্সটাইল মিলের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তারা ওই গৃহবধূর মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।
দেলদুয়ার থানার ওসি আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।



