‘অগ্নিসন্ত্রাসী ও খুনিদের জবাব হবে— এনাফ ইজ এনাফ’

ছবি: আগামীর সময়
আগুন সন্ত্রাস ও অপরাজনীতি মোকাবিলায় ২০২৪ সালের গণ-আন্দোলনের মতো আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বললেন, পলাতক থেকেও গত কয়েক দিন ধরে দেখেন আবার তারা সেই আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার ও পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে। আসুন, সবাই মিলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদের আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।
সীমান্তের ওপার থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, যারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছিল। তারা যেই দেশে পালিয়ে গেছে, সীমান্তের ওপারের সেই প্রভুদের খুশি করতেই আবার এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যেন ভবিষ্যতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এবং প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে, সেজন্য গণতন্ত্রকামী প্রত্যেক দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৬০ ছোট শিশুও রয়েছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ আর গুম-খুন, আগুন সন্ত্রাস কিংবা ভোট দখলের রাজনীতিতে ফিরে যেতে চায় না মানুষ এখন নিরাপত্তা, শক্তি ও দেশের অগ্রগতি চায়।
চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। আর সেই জবাব হলো এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়।
অতীতের নেতিবাচক রাজনীতির পরিবর্তে উন্নয়নের রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খনন, শিল্প-কলকারখানা গড়ে তোলা এবং ফসলের উৎপাদন বাড়ানোর রাজনীতি করতে চাই। আমরা চাই দেশের মানুষ সঠিক শিক্ষা পাক এবং মা-বোনরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের রাজনীতি।
জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির সম্মানী ভাতা, নতুন কুঁড়ি-স্পোর্টস, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে।
পরে লালমনিরহাট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে আলোকিত লালমনিরহাট এর ১৫ হাজার সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়। মতবিনিময়সভায় সামাজিক চারটি অপরাধ নিরসনে আলোকিত লালমনিরহাট সংগঠনটির গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে এক প্রামাণ্যচিত্র প্রচারিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আলোকিত লালমনিরহাট সংগঠনটির প্রশংসা করে বাকি ৬৩ জেলায় এমন সংগঠন গঠনের সমাজিক আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাসের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে বুঝা যায় কোনো আইন করে নয়— আমরা যদি সামজিকভাবে উদ্যোগ নেই তা হলে সব সমস্যা সমাধান সম্ভব।
এর আগে সকাল সাড়ে ১০টায় ‘লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশে’র আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং পরিদর্শন শেষে প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।
বিকেলে প্রধানমন্ত্রী শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ মতবিনিময়সভা শেষে ঢাকায় ফিরে গেছেন।



