জীবনের নিরাপত্তা চান ঈশ্বরদীর পদ্মাপাড়ের মানুষ

ছবি: আগামীর সময়
বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্রের মহড়ায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের সাধারণ মানুষ। এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আরামবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেকমতুল্লাহ কনক, বিএনপি নেতা আব্দুল জলিল, রায়হান উদ্দীন, রফিক উদ্দীন, আকরাম হোসেন, মনোয়ার হোসেন মনির, আব্দুল মালেক, আতাউর রহমান, প্রিন্স মাহমুদ, তৌহিদুল ইসলাম, সাব্বির হোসেন, জয় ইসলামসহ নদীপাড়ের শত শত সাধারণ মানুষসহ নারী ও শিশুরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় 'লেংড়া বিপু' ও 'জুয়েল' নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সাম্প্রতি নদী এলাকায় তাদের অবৈধ বালু ও মাদক ব্যবসায় এলাকাবাসী বাধা দেওয়ার আবারো অভিযুক্তদের তাণ্ডব শুরু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানালেন, পদ্মা পাড়ে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।



