নীলফামারী
খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, আহত ৪

ছবি: আগামীর সময়
নীলফামারীর কিশোরগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বড়ভিটা ইউনিয়নের কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে সুজনসহ কয়েকজন অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। অন্য আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।




