জামালপুর
ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের, আহত কিশোর

সংগৃহীত ছবি
জামালপুর সদরের নাসিরাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিদ (১৫) নামে এক কিশোর আহত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের নন্দী ইটাইল চৌরপাড়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে যমুনা পূর্ব ঘাটগামী নাসিরাবাদ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে প্রায় ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবক ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহিদও আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদ করে তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে।
মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
ওসি মো. রবিউল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।



