সোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে আগুন

ছবি: আগামীর সময়
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ‘সালমা গার্ডেন’ নামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুখোশ পরা একদল দুর্বৃত্ত এ অগ্নিসংযোগ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা একটি পিকআপ ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে এবং বাড়ির পাহারাদারদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকায় থাকা হাজী রহিম উল্যার স্ত্রী পারভিন আক্তার বলেছেন, ‘মুখোশ পরা একদল দুর্বৃত্ত বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আমার ভাগিনা ও ভাগনীকে পিটিয়ে বাইরে এনে ঘরে ও পিক আপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম জানান, বাড়িতে অগ্নিসংযোগের খবর তারা পেয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী রিন্টু আনোয়ারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী রহিম উল্লাহ। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে রয়েছেন।



