গাজীপুরে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আগামীর সময়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কিছুটা স্বস্তি দিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের কাছে ন্যায্যমূল্যে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে ৩০০ টাকায় ১০ কেজি করে চাল বিক্রি করা হয়েছে।
আজ শুক্রবার চাল কিনতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে শুধু চাল নয়, পাশাপাশি ডাল, তেল, লবণ ও আটা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্প্যারো অ্যাপারেলসের চিফ অপারেটিং অফিসার কাজী শরিফুল ইসলাম রেজা জানিয়েছেন, কারখানার ৫ হাজার শ্রমিকের মধ্য থেকে ধাপে ধাপে ৫০০ জনকে বাছাই করা হয়েছে। প্রতি সপ্তাহে এই দামে ৫০০ শ্রমিকের কাছে চাল বিক্রি করা হবে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান জানিয়েছেন, সারা দেশে ৭৩টি কেন্দ্রে এ দামে চাল বিক্রি করা হচ্ছে। এসব কেন্দ্রের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও গাজীপুর রয়েছে। গাজীপুর মহানগরীর ৩০টি কারখানায় এ কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও কারখানায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।




