সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ, পুড়িয়ে দিল পুলিশ

ছবি: আগামীর সময়
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লিখে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় ঝটিকা মিছিলও করেন দলটির কয়েকজন নেতাকর্মী। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তারা সেখানে ঝটিকা মিছিল করেন এবং স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, ‘পুলিশ সারারাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। সকালে দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে।’
তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



