বরিশালে যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

বরিশালে পূর্ববিরোধের জেরে এক যুবককে তুলে নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবক সিফাত সরদার (২৬) গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার কবির সরদারের ছেলে।
ওই যুবকের ভাই কাওসার হোসেন অভিযোগ করেন, গত দুই মাস আগে উত্তর বিল্বগ্রাম এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় বিল্বগ্রাম বাজারে জামান শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে সিফাত সরদার উপস্থিত ছিল। ওই মিছিলে অংশগ্রহণ করার জেরে সিফাতের ওপর ক্ষিপ্ত ছিলেন জামান শরীফ। শুক্রবার রাতে ঢাকায় যাওয়ার জন্য গৌরনদী বাসস্ট্যান্ডে বাসের টিকিট কিনতে যায় সিফাত। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন জামান শরীফ। এসময় জামান ও তার সহযোগীরা সিফাতকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। পরেে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সিফাত মুক্তি পান।
তবে এই বিষয়ে অভিযুক্ত জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানা পুলিশের ওসি তারিক হাসান রাসেল বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




