রাজশাহীতে বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

ছবি: আগামীর সময়
রাজশাহীতে এক রাতেই একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। নগরীর বিআরটিসি বাস টার্মিনালে আগুন দেওয়া হয়েছে দুটি বাসে। একই রাতে চারঘাটে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া নগরীর শিরোইল ও কোর্ট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাতে নগরী ও জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাস দুটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাস দুটি পুড়ে যায়।
শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেছেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এদিকে একই রাতে রাজশাহীর চারঘাট উপজেলায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকা পড়ে।
খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেছেন, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেওয়া হয়। রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ছাড়া রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয়ের সামনে এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




