রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

রাফি ও তার বাড়ি
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন রাফির মা-বাবা ও বোন। তবে পেট্রলের গন্ধ পেয়ে তার মায়ের ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
খান তালাত মাহমুদ রাফি আগামীর সময়কে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে তিনি মনে করছেন।
তার ভাষ্য, জুলাইয়ের সম্মুখসারির নেতাদের বাড়ি টার্গেট করছে আওয়ামী লীগ। এর আগে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুম ও গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তার গ্রামের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে।
রাফি জানান, দুর্বৃত্তরা ঘরের সামনের বারান্দায় বৈদ্যুতিক মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে তার মা-বাবা ও বোন ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে থাকা তার চাচি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাফির বাবা তরিকুল ইসলাম আগামীর সময়কে জানান, রাত সাড়ে ১০টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কে বা কারা ঘরের বারান্দায় বাজারের শপিং ব্যাগের সঙ্গে পেট্রল রেখে বৈদ্যুতিক মিটারের কাছে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে পেট্রলের গন্ধে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরে উঠে ঘরের সামনের বারান্দায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি দেখতে পান তারা। এ ঘটনায় আগামীকাল থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় আগুন ছড়াতে পারেনি দুর্বৃত্তরা। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




