চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার

সাংবাদিক এম গিয়াস উদ্দিন
কক্সবাজারের চকরিয়ায় টমটম পোড়ানোর ঘটনায় ২০২৪ সালে করা মামলায় সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকরিয়ার চিরিঙ্গা ম্যাক্স হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অসুস্থ ছেলের চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। দৈনিক দেশ রূপান্তরের পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালে টমটম পোড়ানোর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত গিয়াস উদ্দিন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পেকুয়া উপজেলা কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং কক্সবাজার জেলা কমিটির সদস্য।
এদিকে, কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।



