ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ভোলায় দীর্ঘদিনের লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকরা। রবিবার (৩১ মে) সকালে শহরের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, জেলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
অংশগ্রহণকারীরা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তিও ক্রমেই বাড়ছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়।






