২৫ বছর পর দেখা বন্ধু কী খবর বল?

ছবি: আগামীর সময়
সময়ের স্রোত অনেক কিছু বদলে দেয়। স্কুলের বেঞ্চ, মাঠের আড্ডা, পরীক্ষার দুশ্চিন্তা কিংবা টিফিন ভাগাভাগির সেই দিনগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যায় ব্যস্ত জীবনের ভিড়ে। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। তারই প্রমাণ মিলল রাজবাড়ীর এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের ২৫ বছর পূর্তি উদযাপনের আয়োজনে।
সম্প্রতি ঈদ-পরবর্তী সময়ে রাজবাড়ীর মনোরম পরিবেশে অবস্থিত চিতল বিল গার্ডেন অ্যান্ড স্পোর্টসে অনুষ্ঠিত হয় ‘২৫ বছর পর একসঙ্গে— বন্ধুত্বের উদযাপন’ এই মিলনমেলা। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী বন্ধুদের পাশাপাশি সুদূর ইংল্যান্ড থেকেও বন্ধুরা ছুটে আসেন এই বিশেষ আয়োজনে অংশ নিতে। দীর্ঘদিন পর একে অন্যকে কাছে পেয়ে যেন ফিরে আসে কৈশোরের সেই সোনালি দিনগুলো।
এরই মধ্যে স্মৃতির পাতা উল্টে আবারও প্রাণ ফিরে পায় রাজবাড়ী সরকারি কলেজের খেলার মাঠ। সেখানে বন্ধুদের অংশগ্রহণে জমে ওঠে ক্রিকেট খেলা। সন্ধ্যার পর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান।




