রংপুরে পুড়ল আরও একটি বাস

ছবি: আগামীর সময়
রংপুর নগরীতে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে পুড়েছে আরও একটি বাস।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের মাছের আড়ত-সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। পরপর দুটি বাসে আগুনের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আগুনে পুড়ে যাওয়া বাসটির মালিক হৃদয় আহমেদ বলেন, নীলফামারীর জলঢাকা রুটে চলাচলের জন্য দু’দিন আগে তিনি বাসটি কিনেছেন। ‘হৃদয়-তাহসিন’ নামে বাসটি চলাচলের উপযোগী করতে কিছু ঝালাইয়ের কাজের জন্য মাছের আড়তের সামনের একটি ওয়ার্কশপে রাখা হয়েছিল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালাইয়ের কাজ শেষ হয়। এরপর বাসটি সেখানে রাখা অবস্থায় দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো বাসটি পুড়ে যায়। বাসমালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবে আগুন দিয়ে থাকতে পারে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ওয়ার্কশপের কর্মচারীদের বরাতে জানা গেছে, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লাগে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে, বুধবার ভোররাতে একই সড়কের পর্যটন মোটেল-সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।



