ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের শরীরের ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনেরই শ্বাসনালিতে (ইনহেলেশন ইনজুরি) আঘাত আছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
দগ্ধ শ্রমিকেরা হলেন রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার উপপরিদর্শক আবু রায়হান নূর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুই শ্রমিককে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই ইনহেলেশন ইনজুরি আছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।




