দিনাজপুর
কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

চার দিন আগেও দিনাজপুরের বাজারে ভালো মানের ১ কেজি কাঁচা মরিচ কেনা যেত ১২০ থেকে ১৩০ টাকায়। সেই কাঁচা মরিচের দাম এখন ২০০ টাকা ছাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার জেলার বাহাদুর বাজারে খোঁজ নিয়ে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের দাবি, কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। গত কয়েকদিন যাবৎ দিনাজপুরে টানা বৃষ্টির ফলে সরবরাহ কমেছে। এজন্য কাঁচা মরিচের দাম বেড়েছে। এই দাম কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তারা।
বাহাদুর বাজারের সবজি বিক্রেতা আল আমিন জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারে কাঁচা মরিচ কম আসছে, কিন্তু মরিচের ক্রেতা অনেক। এ কারণে দাম বাড়তি। মরিচের মান অনুযায়ী ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন, ঢেঁড়স, ঝিঙা, পোটল, বরবটি ও পেঁয়াজের দামও ৫-১০ টাকা বেড়েছে।
এদিকে জেলার বিরল উপজেলার কৃষক হুমায়ুন জানান, দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে মরিচ ক্ষেতে পানি জমেছে। এতে গাছ মরে উৎপাদন কমে যাচ্ছে। এজন্য কাঁচা মরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বাজারে দাম বাড়লেও আমরা লোকসানে পড়েছি। বৃষ্টিতে গাছ মরে যাওয়ায় আমাদের ক্ষতি হচ্ছে।




