গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুজব, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ শনিবার গাজীপুরের পূর্ব চান্দরা শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন।
মহাপরিচালক জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কাজ করছে ১০৪টি স্ট্রাইকিং টিম। এ ছাড়া প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য আদান-প্রদান, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেছেন, তৃণমূল থেকে শহরাঞ্চল পর্যন্ত আনসার-ভিডিপির সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। যেকোনো সংকট ও প্রয়োজনে সাধারণ মানুষ এ বাহিনীকে পাশে পাবে।
গুজব ও উসকানি ছড়িয়ে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধৈর্য, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রশাসনিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হবে।
পরিদর্শনকালে বাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়েও কথা বলেন তিনি। কর্মহীন যুবক-যুবতীদের আনসার-ভিডিপির দক্ষতাভিত্তিক ও আয়বর্ধক প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। ‘সঞ্জীবন প্রকল্পের’ মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে বেকারত্ব হ্রাস ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাহিনী জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সচেতনতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।



