ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফিরোজ মিয়া আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, দ্রুত ফায়ার সার্ভিসের দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে ফেলে রাখা গাছটি অপসারণ করে।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার জানিয়েছেন, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।




