জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার তথ্য প্রতিমন্ত্রীর

তারেক রহমানের নেতৃত্বে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ছবি: আগামীর সময়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একই সঙ্গে জুলাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের আনা হবে বিচারের আওতায়।
শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাঁশহাঁটি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছিলেন তিনি।
ইয়াসের খান চৌধুরী জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের পঙ্গুত্ববরণ ও ত্যাগের মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে পেরেছে বিএনপি। একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে নানা ধরনের নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, জুয়া, মাদক, চাঁদাবাজি ও সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে তিনি নিজেই অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন।
তিনি আরও বলেন, রাস্তাঘাটসহ সব উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়ে জনগণকে নজরদারি রাখতে হবে। কৃষক কার্ড বা পরিবার কার্ডের জন্য কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা তাকে জানাতে হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইয়াসের খান চৌধুরীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। কৃষক কার্ড ও পরিবার কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নয়নশীল নান্দাইল গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে নান্দাইল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।




