নাশকতা ঠেকাতে নির্ঘুম রাত পার বিএনপির নেতাকর্মীদের

ফরিদপুরের বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : আগামীর সময়
চলমান রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সতর্ক অবস্থান নেন তারা।
বিশেষ করে ভাঙ্গায় সর্বশেষ সহিংসতার ঘটনার পর জেলাজুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা গেছে।
স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের ঝটিকা মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঠেকাতে গত রাতভর পাহারা দিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা।
ফরিদপুর শহর, ভাঙ্গা সদরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে তাঁদের অবস্থান ছিল। পাশাপাশি দলীয় কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতেও পালাক্রমে রাত জেগে পাহারা দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার শিথিল জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য তারা রাতভর পাহারা দিয়েছেন। শান্তিপ্রিয় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন, সেটিই তাদের লক্ষ্য।
এর আগে গত মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। এ ঘটনার পর থেকেই জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুর জেলা ও মহানগর এবং ভাঙ্গা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা শহর ও উপজেলায় বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোডাউন করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙ্গার সহিংসতার ঘটনায় পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে। পাশাপাশি পুরো জেলায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।



