পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ

দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভবের বাজার শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের অফিস কক্ষের বারান্দায় পেট্রোল ও মোবিলজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বারান্দার দেয়ালের চারপাশের বৈদ্যুতিক ওয়ারিং পুড়ে যায়।
ব্যাংক ভবনের দোতলায় থাকা ব্যবস্থাপক ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে এসে আগুন দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে নৈশপ্রহরীর সহায়তায় পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনসমাজে আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পট জব্দ করা হয়েছে। অপরাধী চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।




