কাউনিয়ায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রংপুরের কাউনিয়ায় কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে সার ও বীজ
রংপুরের কাউনিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান কাকলী, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন ও একাডেমিক সুপারভাইজার দিল আফরোজসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে। পাশাপাশি আবাদি জমির পরিমাণ ও সরিষার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।



