সাঘাটায় শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

ভাঙ্গামোড় উচ্চ বিদ্যালয়। ছবি: আগামীর সময়
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বাদ দিয়ে পরবর্তী সময়ে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগও আছে। এসব অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (কৃষি) তহুরা বেগমের দাবি, তিনি ১০ লাখ টাকা দিয়ে বিদ্যালয়ে চাকরি পেয়েছেন। এ-সংক্রান্ত এক কথোপকথনে তিনি বলেছেন, ‘দশ লাখ টাকা দিয়ে এখানে ঢুকছি। মাগনা আমাকে ঢুকায় নি এখানে। আমাকে দয়া করে নেয় নাই।’
ওই কথোপকথনে তহুরা বেগম আরও বলেছেন, ‘ওই দশ লাখ টাকা যখন দিছি তখন ওই টাকা হলে শহরে আমার একটা বাসা হতো। আজকে সে বাসার দাম কোটি টাকা। তো আমি কোটি টাকা ইনভেস্ট করছি স্কুলে না আসার জন্য?’
প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে তহুরা বেগম জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য ১৩ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভাঙ্গামোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সরকার ওরফে পুটু। তিনি জানালেন, ‘কারও নিয়োগে টাকা নেওয়া হয়নি। যদি কোনো প্রমাণ থাকে, তা পেশ করুক।’
অভিযোগের বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।




