যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

প্রতীকী ছবি
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক রাজিব (৪৫) দগ্ধ হয়েছেন। গাড়ির সহকারী হৃদয় (৪০) ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এর মধ্যে একটি বোমা কাভার্ড ভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানিয়েছেন, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর। অন্যদিকে ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। হামলায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



