তিন বছর আগেই ‘ডাউন’ কল্যাণ ট্রাস্টের সার্ভার, ২০২৬ সালেও সেই নোটিশ!

ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেওয়া
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ওয়েবসাইটে তিন বছর আগের সার্ভার বন্ধের নোটিশ দেখতে পাচ্ছেন সেবাগ্রহীতারা।
২০২৩ সালের ১৮ মে বিকাল ৪টা পর্যন্ত সার্ভার ডাউন থাকার ঘোষণা ২০২৬ সালেও প্রদর্শিত হওয়ায় ওয়েবসাইটের তদারকি ও হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতাদের প্রশ্ন, সার্ভার কবে স্বাভাবিক হবে?
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন পোর্টাল (https://apps.ngte-welfaretrust.gov.bd/) এর হোমপেজে লেখা রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন সার্ভার আপগ্রেডেশন কাজ চলছে। আগামী ১৮/০৫/২০২৩ খ্রি. বিকাল ০৪.০০টা পর্যন্ত সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এ ট্রাস্টের মাধ্যমে প্রাপ্য কল্যাণ সুবিধা পেতে আবেদন করেন। ফলে অনলাইন আবেদন পোর্টালে এমন পুরোনো নোটিশ থাকায় আবেদন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সার্ভারের বর্তমান অবস্থা, অনলাইন আবেদন কার্যক্রম সচল আছে কি না এবং পুরোনো নোটিশটি কেন সরানো হয়নি এসব বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন সেবাগ্রহীতারা।
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক গোলাম রসুল আগামীর সময়কে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান ২০১৮ সালে সরকারি হয়েছে। এর আগে বেসরকারি অবস্থায় চাকরিকালীন কল্যাণ ট্রাস্টের যে পাওনা রয়েছে, তা পেতে আবেদন করতে চাই। কিন্তু অনলাইনে প্রবেশ করে দেখি, আগামী ১৮ মে ২০২৩ বিকাল ৪টা পর্যন্ত সার্ভার ডাউন থাকার নোটিশ দেওয়া রয়েছে।’
এ বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উপপরিচালক মুহাম্মদ আবদুর রহিম আগামীর সময়কে বলেন, ‘আগামী রবিবার পর্যন্ত সার্ভারের সমস্যা থাকতে পারে। তবে ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ মে পর্যন্ত সার্ভার বন্ধ থাকার নোটিশ এখনো প্রদর্শিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি অন্য কাজের কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।



