বাউফলের ১৮টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালীর বাউফল উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রায় ২৬ হাজার মুসল্লি। উপজেলার ১৮টি গ্রামের মানুষ আজ বুধবার ঈদের নামাজ ও কোরবানির মাধ্যমে এ উৎসব পালন করে।
প্রধান ঈদের জামাত সকাল ৮টায় উত্তর চন্দ্রপাড়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল মালেক হোসাইন।
তিনি খুতবায় বলেছেন, হজ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং কোরবানির সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। তার ভাষ্য, সৌদি আরবে হজ সম্পন্ন হওয়ার পরদিন থেকেই কোরবানি শুরু হয়, সেই অনুযায়ী তারা ঈদ ও কোরবানি পালন করছেন। তিনি আরও উল্লেখ করেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের ওপর কোরবানি ওয়াজিব এবং বুধবার ১০ জিলহজ হওয়ায় তারা এ দিনেই কোরবানি আদায় করছেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী আহম্মদ খান বলেছেন, সৌদি আরবে হজ সম্পন্ন হওয়ার পরদিনের সঙ্গে মিল রেখে তারা কোরবানি করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে ঈদ উদযাপন করছেন।
এ ছাড়া উপজেলার বগা, বানাজোড়া, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবুপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন ও নতুন), কনকদিয়া, সূরদী, দ্বিপাশা, গোসিঙ্গা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুরসহ বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হয়।
ঈদ উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।







