কক্সবাজার সৈকতে গোসলে নেমে ঢাকার তরুণ নিখোঁজ

সংগৃহীত ছবি
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. আবির (১৮) নামে ঢাকার এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। সাগরে ভাসতে থাকা একটি লাইফ টিউব থেকে ছিটকে পড়ে তিনি স্রোতের টানে তলিয়ে যান বলে জানিয়েছেন তার সঙ্গীরা।
আজ রবিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবির রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার শহীদনগরের বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে।
আবিরের বন্ধু ইমন জানিয়েছেন, আজ সকাল ৯টার দিকে ঢাকার একটি বন্ধুদের দল কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেন। মোট ৯ জনের ওই দলটি দুপুর সাড়ে ১২টার দিকে সুগন্ধা সৈকতে গোসল করতে নামে।
তিনি বলেছেন, ‘গোসলের একপর্যায়ে আবির একটি লাইফ টিউবে চড়ে সমুদ্রে ভাসছিলেন। হঠাৎ তিনি টিউব থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে প্রবল স্রোত তাকে গভীর দিকে টেনে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
নিখোঁজ আবিরের অন্য সঙ্গীরাও জানিয়েছেন, ঘটনার পরপরই তারা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে সাগরের উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে তাকে আর দেখা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আবিরের কোনো সন্ধান মেলেনি। তার স্বজন ও বন্ধুদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ তরুণকে উদ্ধারে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।






