খন্দকার মারুফ
পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন ‘সময়ের সেরা কৌতুক’

সংগৃহীত ছবি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন এই সময়ের সেরা কৌতুক। একটি সন্ত্রাসী দল তাদের পলাতক ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার ভুয়া ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এইসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলতে তিনি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার নিষিদ্ধ আ.লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ১৫কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতে দাউদকান্দি সেতু টোল প্লাজা চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শোভাযাত্রাটি দাউদকান্দি সেতু টোল প্লাজা থেকে বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর, আমিরাবাদ ও রায়পুর হয়ে ইলিয়টগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। শত শত মোটর সাইকেল,প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ শোভাযাত্রার অগ্রভাগে খোলা জিপে দাঁড়িয়ে ড.খন্দকার মারুফ নেতৃত্ব দেন। মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান।
টোল প্লাজা চত্বরে প্রতিবাদ সমাবেশে ড.খন্দকার মারুফ বলেন, ইতিহাস সাক্ষী দেশ ছেড়ে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। তাদের নেত্রীর 'ফিরে আসার দিবাস্বপ্ন' এই সময়ের সেরা কৌতুক। পলাতক ফ্যাসিবাদের আস্ফালন ও হুঙ্কারে জনগণ ভয় পায় না। মানুষ এখন সচেতন। ফ্যাসিবাদ গোষ্ঠী ফাঁকা বুলি দিয়ে জনমনে আতঙ্ক ছড়াতে চায়।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনও ভালো হবে না। 'আ.লীগ মানেই ফ্যাসিস্ট, সন্ত্রাস, আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি,ষড়যন্ত্র তথা সকল কুকর্মের আখড়া'। গোপালগঞ্জে সংঘটিত আ.লীগের বর্বরোচিত নাশকতা, সন্ত্রাস চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য পলাতক ফ্যাসিবাদ নেতার (সাবেক মন্ত্রী) ঔদ্ধত্যপূর্ণ অডিও বক্তব্য এবং লন্ডনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর 'লীগ সন্ত্রাসীদের' হামলার ঘটনায় আবারও প্রমাণিত আ.লীগ মানেই হচ্ছে একটি খাঁটি সন্ত্রাসী সংগঠন এবং সকল অকাজ কুকাজের কেন্দ্রবিন্দু।
তিনি আরও বলেন, 'পলাতক ফ্যাসিস্ট আ.লীগ দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের দেশবিরোধী সকল অপকর্ম জনগণ নস্যাৎ করে দেবে। দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, উৎপাদন ও সুস্থধারার রাজনীতিকে মনেপ্রাণে স্বাগত জানিয়েছে।
ড. খন্দকার মারুফ বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। দেশে সুস্থ ধারার উন্নয়নধর্মী গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে।
তিনি বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর দৃঢ়তা, মানবিকতা,সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক অনন্য শক্তি।
তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দাউদকান্দি ও মেঘনায় প্রধান বিরোধী দল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, বিএনপি নেতা এম এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার,জসিমউদ্দিন আহমেদ,ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার,এম আবদুস সাত্তার,কামাল হোসেন,আরিফ মাহামুদ,এনামুল হক সফর তালুকদার,ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, সালাউদ্দিন ভুইয়া, মামুন হোসেন ভুইয়া, মো.জসিমউদ্দিন,আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী,শাহ আলম সরকার, মো.রোমান খন্দকার, আসিফ কবির,আবদুল বাসেদ ও রিমন খন্দকার প্রমুখ।




