খুলনা সিটি মেডিকেলে আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি
নিয়ন্ত্রণে এসেছে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। রাত ১২টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি এ হাসপাতালে আগুন লাগে বলে জানিয়েছে একাধিক সূত্র। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীরা। দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার সময় হুড়োহুড়িতে আহত হন অনেকেই। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের বাইরে সরিয়ে নেওয়া হয় কয়েকজন মুমূর্ষু রোগীকেও।
হাসপাতাল কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানাচ্ছে, হাসপাতালের ভূগর্ভস্থ তলায় থাকা জেনারেটর থেকে হতে পারে আগুনের সূত্রপাত। পরে নিচতলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে আগুন। যদিও ওপরের তলাগুলোতে তা পৌঁছায়নি, তবে ছয়তলা পর্যন্ত পুরো ভবন হয়ে পড়ে ধোঁয়ায় আচ্ছন্ন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, ‘আমাদের ১১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিচতলায় ছড়িয়ে পড়ে, তবে উপরে যায়নি। হাসপাতাল থেকে রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।’




