টেকনাফে মিছিলের আগেই ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক

গ্রেপ্তার দুই নেতা
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের উপধর্মবিষয়ক সম্পাদক দারুস সালাম নিশান (পিতা নূরুল আলম) এবং বাহারছড়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাবের (পিতা আশরাফ মিয়া)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দারুস সালাম নিশান বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের উপধর্মবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লকডাউন কর্মসূচির সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, দারুস সালাম নিশানের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মিছিল বের করার আগেই পুলিশের একটি দল তাঁদের দুজনকে আটক করে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




