সহিংসতার পর থমথমে গোপালগঞ্জ, মানুষ আতঙ্কে
- টুঙ্গিপাড়ায় থানা, পুলিশ ও সংসদ সদস্যের বাড়িতে আগুন
- সড়কে ব্যারিকেড, পুড়েছে যৌথ বাহিনীর গাড়ি

সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া। ছবি: আগামীর সময়
এক রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সড়কে মানুষের চলাচল সীমিত, অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত রাতের সহিংসতায় থানা, পুলিশের গাড়ি, সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেডও তৈরি করা হয়েছে। এদিকে আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জেলাজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়রা জানালেন, গত রবিবার সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। তবে মঙ্গলবার বিকালে খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকের ঘটনায় শুধু আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাই নন, সাধারণ এলাকাবাসীর একটি অংশও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানার সামনে লোকজন জড়ো হতে থাকেন। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের জন্য লোকজনকে আসার আহ্বান জানানো হলে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদকর্মীরা জানালেন, একদিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা ইটপাটকেল নিক্ষেপ করেন, অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এসব বাধা উপেক্ষা করে একপর্যায়ে লোকজন থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে এবং থানা ভবনে আগুন দেওয়া হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। সড়কে সড়কে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেন বিক্ষুব্ধ ব্যক্তিরা।
একই সময়ে শতাধিক মানুষের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার পরিবারের সদস্যদের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন দেয় বলে স্থানীয়রা জানান। সড়কে ব্যারিকেড ও বিক্ষুব্ধ লোকজনের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
এদিকে টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়া উপজেলা সদরের দিকে যাওয়ার পথে যৌথ বাহিনীর সদস্যদের বাধা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়কে যানবাহন, মানুষের মধ্যে আতঙ্ক
বুধবার সকাল থেকে জেলা শহরের পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিকতার আভাস দেখা গেলেও মানুষের চলাচলে সতর্কতা লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করে। শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
সাধারণ মানুষের মধ্যে গত রাতের সহিংসতা নিয়ে আলোচনা চলছে। তবে অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যদেরও পাহারায় থাকতে দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বললেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কখন কী ঘটে, তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তারা ভয় পাচ্ছেন।
নেভেনি আগুন, নতুন করে উদ্বেগ
টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় আগুন দেওয়া কয়েকটি গাড়িতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে বলে স্থানীয়রা জানালেন। রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবারও কোনো কোনো গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
গোপালগঞ্জের সার্বিক অবস্থা জানতে সদর থানার ওসিকে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। তবে কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান তার থানাধীন এলাকার বিষয়ে বললেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের সামনে পড়লে আবু আলম নামে নামে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়েছে। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আগামীকাল ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে জেলার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। গত রাতের সহিংসতার পর নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।





