রামু
বিএনপি নেতার নেতৃত্বে বালু উত্তোলন, জব্দ ড্রেজার

ছবি: আগামীর সময়
কক্সবাজারের রামুতে স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করেছে বন বিভাগ।
আজ বুধবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড় থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে চক্রটি এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা বালুমহালটি ইজারা নেওয়ার পর নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে উপভাড়া দেন। এরপর চক্রটি নিয়মনীতি লঙ্ঘন করে সেখানে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরা অংশ নেন।
অভিযুক্ত বিএনপি নেতা নুরুল হকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার জানান, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




