গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তবে গাড়িটি কোন ধরনের জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায়।
নিহত যুবকের নাম শাহিদ মাদবর (৩২)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাদবরের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার দফা গ্রামের মো. আলি ফকিরের ছেলে মো. এমদাদুল ফকির (৩২) এবং একই জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি জানালেন, আজ ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ির ধাক্কায় নছিমনযাত্রী শাহিদ নিহত হন। পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
আশঙ্কাজনক হওয়ায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আমিনুল ইসলাম।




