চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ, বিস্ফোরণ

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : আগামীর সময়
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে এক দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পরিষদের একটি কক্ষে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরা এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তটি।
আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



