সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা, ১৫ বছর ধরে বন্ধ চাঁনপুরের ইউপি নির্বাচন

চাঁনপুর ইউনিয়ন পরিষদ
সীমানা নির্ধারণ-সংক্রান্ত মামলার জটিলতায় আবারও আটকে গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। উপজেলার অন্য ইউনিয়নগুলোতে নির্বাচন ঘিরে তোড়জোড় চললেও আইনি জটিলতায় চাঁনপুরে ভোটগ্রহণের উদ্যোগ নেই। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, দ্রুত আইনি জটিলতা নিরসন করে নির্বাচন দিতে হবে। প্রায় ১৮ হাজার বাসিন্দা দীর্ঘ ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত আছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। প্রচলিত আইন অনুযায়ী, প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে রিট ও মামলা থাকায় দেড় দশক ধরে সেখানে নির্বাচন হচ্ছে না।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, রায়পুরার ২৪টি ইউনিয়নের মধ্যে আগামী ৪ ফেব্রুয়ারি ২২টিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছে দুটি ইউনিয়ন। এর মধ্যে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না। আর সীমানা-সংক্রান্ত মামলার জটিলতায় বাদ পড়েছে চাঁনপুর ইউনিয়ন।
নির্বাচন না হওয়ায় ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান মোমেন সরকার টানা ১৫ বছর ধরে পদে আছেন। এলাকাবাসীর অভিযোগ, এ সময়ে পরিষদের একাধিক নির্বাচিত ইউপি সদস্য মারা যাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধির শূন্যতা তৈরি হয়েছে। এতে স্থানীয় উন্নয়নকাজের পাশাপাশি সামাজিক বিচার ও সালিশি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ কার্যালয় অধিকাংশ সময় বন্ধ থাকে। ফলে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদ ও ওয়ারিশ সনদসহ জরুরি সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এসব সেবা নিতে দুর্গম চরাঞ্চল থেকে উপজেলা সদরে যাতায়াত করেও অনেক সময় কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
দীর্ঘদিনের বঞ্চনা ও ভোটাধিকার প্রয়োগের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে কয়েক’শ মানুষ মানববন্ধন করেন। পরে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে নিরপেক্ষ প্রশাসক নিয়োগের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই এলাকায় জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাধা কোথায়? একটি মহল নিজেদের স্বার্থে মামলার অজুহাতে নির্বাচন আটকে রেখেছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, চাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
এদিকে গত দেড় দশকে চাঁনপুরে কয়েক হাজার নতুন ও তরুণ ভোটার যুক্ত হয়েছেন। তাদের অনেকেই এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি।
স্থানীয় তরুণ ভোটারদের দাবি, দ্রুত আইনি জটিলতা কাটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হোক। এ জন্য নির্বাচন কমিশন ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




