খুলনা ডিসি কার্যালয়ের সার্ভার কক্ষে আগুন

খুলনা ডিসি কার্যালয়ের সার্ভার কক্ষে আগুন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আঞ্চলিক সার্ভার কক্ষে (জেলা আইসিটি কেন্দ্র) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ আগুন লাগে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পুরো জেলা প্রশাসকের কার্যালয় অন্ধকার হয়ে যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনে সার্ভার কক্ষে থাকা ব্যাটারি, চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন সূত্র।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
এদিকে, এ ঘটনার বিষয়ে জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।



