উখিয়া
বনের জমিতে মুরগির খামার, উচ্ছেদ করল বন বিভাগ

ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের জমি দখল করে গড়ে তোলা বিশালাকৃতির একটি মুরগির খামার উচ্ছেদ করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উখিয়া সদর বিটের ধৌল্লারঘোনা এলাকায় অভিযান চালিয়ে খামারটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনের জমি অবৈধভাবে দখল করে মুরগির খামার নির্মাণের খবর পেয়ে উখিয়া রেঞ্জের উদ্যোগে এ অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খামারটির অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে দখলমুক্ত করা হয় বনভূমি।
অভিযান শেষে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ধৌল্লারঘোনা এলাকায় অভিযান চালিয়ে বনের জমিতে অবৈধভাবে গড়ে তোলা বিশাল মুরগির খামারটি উচ্ছেদ করা হয়েছে। সরকারি বনের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বনভূমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
তিনি অবগত করেন, সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত করার পাশাপাশি বনভূমিতে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা ঠেকাতেও নজরদারি জোরদার করা হবে।
অভিযানে থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ উখিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




