বাবার ৮১তম জন্মদিনে দোয়া চাইলেন ছেলে খন্দকার মারুফ

সংগৃহীত ছবি
বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
দোয়া মাহফিলে ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু, সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন উল্লেখ করেন, তার বাবা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
ড. মারুফ বলেন, তার বাবা দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এলাকার মানুষের কথা ভুলে যাননি।
তিনি আরও উল্লেখ করেন, একাধিক মেয়াদে মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনী এলাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছেন। এর ফলে এলাকার মানুষ উন্নত নাগরিক সুবিধা পেয়েছেন। তবে বিগত সরকার এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখেনি বলে তিনি দাবি করেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া চাই, যাতে আগামী দিনে দাউদকান্দি ও মেঘনার মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষিত হয়ে আগামী দিনে তাদেরই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, আরিফ মাহামুদ ও রোমান খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা।




