ফটিকছড়ি
ছিনতাই সাড়ে ৭ লাখ, উদ্ধার ৩ হাজার !
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে চা-বাগানের ব্যবস্থাপককে কুপিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার টাকা। যা ছিনতাই করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তার পাঁচজন হলেন, আবু, জিহান উদ্দীন, সম্রাট, রাশেদ ও জাবেদ। তাদের বাড়িও ফটিকছড়ি উপজেলায়।
জেলা পুলিশ জানায়, উপজেলার ভুজপুর থানার পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ ও তার এক সঙ্গীকে গত বৃহস্পতিবার দুপুরে কুপিয়ে আহত করে একদল ছিনতাইকারী। এরপর তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই করা হয়। নেপাল দাশ চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাস দেওয়ার জন্য টাকাগুলো নিচ্ছিলেন।
ঘটনার পরপরই ভুজপুর থানা পুলিশ ফটিকছড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থেকে গ্রেপ্তার করা হয় জাবেদকে। তার কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।




