‘অবৈধ দখল উচ্ছেদ কর, আসকারদিঘি রক্ষা কর’

আসকারদিঘি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন— আগামীর সময়
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আসকারদিঘি রক্ষা, এবং জলাশয়ে দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘চট্টগ্রাম বাঁচাও আন্দোলন’।
আজ শনিবার দুপুর ৪ টায় নগরীর আসকারদিঘির পাড়ে স্থানীয় বাসিন্দা, সচেতন নাগরিক সমাজ, পরিবেশবাদী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
পরিবেশবাদী সংগঠন নেতা মুজিবুর রহমান চৌধুরী জানান, একসময় আজকারদিঘি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ জলাশয়। দিঘিতে প্রচুর মাছ পাওয়া যেত এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে পানির উৎস হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল এবং দূষণের কারণে দিঘিটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে।
চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্র নেতা ও চট্টগ্রাম বাঁচাও আন্দোলনের সভাপতি সৌরভ প্রিয় পাল জানালেন, দিঘির চারপাশে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। একই সঙ্গে আশপাশের বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের সুয়ারেজ লাইন সরাসরি দিঘিতে গিয়ে পড়ায় পানির গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। ফলে দিঘির পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মাছের অস্তিত্বও প্রায় বিলীন হয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও জানালেন, প্রকৃতির ওপর হামলা বন্ধ করতে হবে। ভূমিদস্যুদের হাত থেকে আসকার দিঘিসহ নগরীর সব জলাশয় রক্ষা করতে হবে। জলাশয় ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব জলাশয় সংরক্ষণ জরুরি।
মানববন্ধন থেকে দিঘির চারপাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ, দিঘিতে ময়লা ও বর্জ্য ফেলার সকল সংযোগ বিচ্ছিন্ন এবং সুয়ারেজ লাইন বন্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে দিঘিটি দ্রুত সংস্কার করে চারপাশে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করার দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে মঞ্জুর আমান চৌধুরী, আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, নুরুল হোসেন, শাহেদ বক্স এবং সৈয়দ সাফোয়ান আলী বক্তব্য দেন।





