হারানো বিজ্ঞপ্তি দিয়ে এখন আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে : ডা. শাহাদাত

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেই মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘হারানো বিজ্ঞপ্তি দিয়ে এখন আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। সরাসরি রাজপথে না নেমে অর্থের বিনিময়ে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব অভিযোগ করেন। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুনসন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। রাতের অন্ধকারে ভাড়াটে লোকজন দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারা হচ্ছে। তবে এসব অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না।’ এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেছেন, ‘যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা এবং যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। যারা বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি সজাগ থাকবে জানিয়ে শাহাদাত হোসেন নগরের প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করার ঘোষণা দেন।
দলীয় নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সকাল ৭টার আগে কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, চসিক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



