'মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার সংগ্রামে থাকবে উদীচী'

ছবি: আগামীর সময়
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চেরাগি পাহাড়ের কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীকর্মীরা।
৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথামালা পর্বে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ। সদস্য জয় সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শীলা দাশগুপ্তা ও নওশাদ আলম চৌধুরী।
উদীচী সংগঠকরা বলেন, 'এক সংকটের সময় যাচ্ছে বাঙালির। মুক্তিযুদ্ধ আক্রান্ত। মুক্তিযোদ্ধারা আক্রান্ত। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লাগানোর দুঃসাহস দেখাচ্ছে মৌলবাদী অপশক্তি। রাজনৈতিক দলের কার্যালয়ে মববাজি হচ্ছে। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হচ্ছে।'
'উদীচী এর বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবে উদীচী। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচীর কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে।'
অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা গান, আবৃত্তি পরিবেশন করেন।



