যুবদল নেতাকর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ মীর হেলালের

মিছিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
যুবদল নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ বুধবার বিকালে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ডাকা এ সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে যুবদল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ বললেন, ‘যারা সন্ত্রাস করছেন, নৈরাজ্য করছেন, থানা জ্বালিয়ে দিচ্ছেন তারা পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছে। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এদেশের জনগণ সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটা পটকা ফুটিয়ে এদেশে ফিরে আসতে পারবেন না। রাজনীতি করা তো দূরের কথা।’
তিনি আরও বললেন, ‘বিএনপি এ দেশের জনমানুষের দল। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। নেতাকর্মীদের বলব, আপনারা নিজেরা আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’
সারা দেশে বিএনপি অফিসে হামলার তথ্য উল্লেখ করে মীর হেলাল বললেন, ‘একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না। আবার তারাও চুপচাপ। এটা একটা চিন্তার বিষয়।’
কোনো প্রতিবেশী দেশের তাঁবেদারি দেশের জনগণ আর কোনোদিন মেনে নেবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর হেলাল।
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর বক্তব্য রাখেন।




