ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধ ইরানকে দুর্বল করে দিয়েছে

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে শুক্রবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান সংঘাত মোকাবিলায় তার প্রশাসনের ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যুদ্ধ ইরানকে দুর্বল করে দিয়েছে! তাদের আর কার্যত কোনো বিমানবাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার বা উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা নেই।’
তিনি আরও লেখেন, ‘আমরা কোনো হতাশা থেকে আলোচনায় বসিনি, ইরান বসেছে। তারা শেষ হয়ে গেছে! আমরা ৬০ দিনের প্রক্রিয়াটি চলতে দেব। তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়!’
ইরান চার মাস আগের তুলনায় এখন ভালো অবস্থানে আছে বলে ডেমোক্র্যাটদের দাবিরও সমালোচনা করেন ট্রাম্প।
তিনি লেখেন, ‘তারপরও ডেমোক্র্যাটরা বলছে, চার মাস আগের তুলনায় ইরান এখন ভালো অবস্থায় আছে। এটা বলে কীভাবে পার পেয়ে যাওয়া যায়? মানুষ এতটা বোকা কীভাবে হতে পারে?’
বুধবার রাতে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ১৪ দফার একটি সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে সই করেন। এর লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের অবসান ঘটানো।
সমঝোতা অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান ৬০ দিন আলোচনা চালাবে। প্রয়োজন হলে উভয়পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যাবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাষ্য অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ প্রত্যাহার করবে।
মধ্যস্থতাকারী হিসেবে ওই সমঝোতা স্মারকে সই করেছেন শাহবাজ শরিফও।




