ইসরায়েলে মসজিদে আগুন

সংগৃহীত ছবি
উত্তর ইসরায়েলের আফুলা শহরের কাছে আল-দাহি গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আগুন ও আশপাশের দেয়ালে উসকানিমূলক গ্রাফিতি দেখতে পান। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা এ হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন। ঘটনাটিকে ‘ঘৃণামূলক অপরাধ’ ও ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দায়ী করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের।
ঘটনার পর বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেছেন, মসজিদে আগুন দেওয়া জঘন্য ঘৃণামূলক অপরাধ। এটি ইহুদিদের বা ইসরায়েলের পরিচয় হতে পারে না।
আল-দাহি গ্রামটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত এবং সেখানে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের বসবাস। মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানিয়েছেন, মুখোশ পরা তিন ব্যক্তি পাহাড়ের জঙ্গল থেকে এসে মসজিদে প্রবেশের চেষ্টা করে। ভেতরে ঢুকতে না পেরে তারা নিচতলার একটি জানালা ভেঙে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। মসজিদটির দুটি তলা রয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মসজিদের নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ এবং কাছাকাছি সড়কে দেয়াল লিখনের ঘটনায় তদন্ত চলছে। ধর্মীয় প্রতীকের ওপর হামলাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।



